অ্যাকসেসিবিলিটি লিংক

সম্পদের তথ্য গোপন মামলা: ৮ নভেম্বর আত্মপক্ষ সমর্থন করবেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায়, আত্মপক্ষ সমর্থনে জবানবন্দী রেকর্ডের জন্য দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। রবিবার (৫ নভেম্বর) শুনানিকালে ৮ নভেম্বর জবানবন্দী রেকর্ডের জন্য দিন ধার্য করা হয়।

শুনানিকালে মির্জা আব্বাস আদালতের কাছে কথা বলার অনুমতি চান। আদালত তাকে কথা বলার অনুমতি দিলে তিনি বলেন, “গত বছর আমাকে এবং মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছিলো। সে সময় মির্জা ফখরুল ও আমাকে কনডেম সেলে রাখা হয়েছিলো। এখন আমাকে মেঝেতে রাখা হয়েছে। এখন আমি পায়ে হেঁটে এখানে এসেছি, হয়তো পরের বার আমাকে হুইলচেয়ারে আসতে হবে।”

ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম শুনানি শেষে আত্মপক্ষ সমর্থনের জবানবন্দী রেকর্ডের দিন ধার্য করেন। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিনুল ইসলাম জানান, “মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিলো রবিবার। আমরা মির্জা আব্বাসের জামিন আবেদন করেছি। শুনানির পর, আদালত জামিনের আবেদন রেকর্ড করেন এবং আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রেকর্ড করার জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।” গত ৩১ অক্টোবর একই আদালত মির্জা আব্বাসের জামিন বাতিল করে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে, নাশকতার মামলায় রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে মির্জা আব্বাসকে আবার কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ রবিবার মির্জা আব্বাসকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন জানায়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠান। এর আগে গত ১ নভেম্বর এ মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

This item is part of
XS
SM
MD
LG