অ্যাকসেসিবিলিটি লিংক

নৌকা প্রতীকে অনবরত সিল মারায় কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা আজাদ

সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেন
সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেন

বাংলাদেশের জাতীয় সংসদের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে, ব্যালটে নৌকা প্রতীকে অনবরত সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের কর্মকর্তা মো. শরীফ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফ উল্লাহ জানান, “৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আজাদকে আদালতে সোপর্দ করে। পরে, বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” আজাদ চন্দ্রগঞ্জ থানা ও দিঘলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে, দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজাদ ব্যালট বইয়ে নৌকায় মার্কায় অনবরত সিল মারেন। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ৫৭ সেকেন্ডে আজাদ নৌকা প্রতীকের ব্যালটে ৪৩টি সিল মারেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের ফল সংক্রান্ত গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। তদন্ত শেষে ইসিসহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

This item is part of
XS
SM
MD
LG