অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ১৫ ঘণ্টায় ১১ অগ্নিকাণ্ডে পুড়েছে ১২টি যানবাহন—ফায়ার সার্ভিস

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের মধ্যে ১১টি অগ্নিসংযোগের ঘটনায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ১৬ নভেম্বর, ২০২৩।
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের মধ্যে ১১টি অগ্নিসংযোগের ঘটনায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়। ১৬ নভেম্বর, ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধের মধ্যে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় সারা দেশে ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এর মধ্যে ঢাকা বিভাগে দুটি, বরিশাল বিভাগে একটি, রাজশাহী বিভাগে পাঁচটি, চট্টগ্রাম বিভাগে দুটি ও সিলেট বিভাগে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় দুটি বাস, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি ট্রাক, দুটি হিউম্যান হলার ও একটি কমিউটার ট্রেন পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সহায়তায় এসব ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন

টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে বুধবার গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

টাঙ্গাইল রেলস্টেশনের বুকিং মাস্টার মোহাম্মদ সেলিম জানান, দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত ৩টার দিকে ট্রেনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কমিউটার ট্রেনের দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।

চট্টগ্রামে দুটি বাস ও টিসিবির ট্রাকে আগুন

চট্টগ্রামে ২টি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি লোকাল বাস এবং এর আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চট্টগ্রামে দুটি লোকাল বাস এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৬ নভেম্বর, ২০২৩।
চট্টগ্রামে দুটি লোকাল বাস এবং একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৬ নভেম্বর, ২০২৩।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে পুলিশ নিশ্চিত নয় এবং এ বিষয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ওয়াসার মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় টিসিবির একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

ঢাকার দোহার বাজার এলাকায় ট্রাকে আগুন

বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধের মধ্যে ঢাকার দোহার বাজার এলাকায় ট্রাকটিতে আগুন দেওয়া হয়।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

This item is part of
XS
SM
MD
LG