অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসা কল্যাণ পার্টিসহ তিন রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ২২ নভেম্বর, ২০২৩।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ২২ নভেম্বর, ২০২৩।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবি আদায়ে প্রায় এক বছর ধরে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নির্বাচন কমিশনে নিবন্ধিত দুটি দলের সঙ্গে নতুন রাজনৈতিক জোট 'যুক্তফ্রন্ট’ গঠন করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ কল্যাণ পার্টি ছাড়া যুক্তফ্রন্ট্রের অন্য দুটি দল হলো এম এ মতিনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একটি অংশ ও বাংলাদেশ মুসলিম লীগ। নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘যুক্তফ্রন্ট’ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন জোটের সভাপতি ও সামরিক কর্মকর্তা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রার এবং নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এই ঘোষণার মধ্য দিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনসহ এক দফা দাবি আদায়ে প্রায় এক বছর ধরে বিএনপি ও সমমনা অন্য বিরোধী দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসা ১২ দলীয় জোট ত্যাগ করলেন।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, “আমরা তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল আজ যুক্তফ্রন্ট গঠন করেছি। একইসঙ্গে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে প্রস্তুত।”

নির্বাচন কমিশন ঘোষিত বর্তমান নির্বাচনের তফসিলে পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, “আমরা যুক্তফ্রন্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “আমরা একটা বড় ঝুঁকি নিচ্ছি। অতীতে আন্দোলনের অংশ হিসেবে বড় ও ছোট দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল। ছোট দল হিসেবে আমরা আশঙ্কা নিয়ে নির্বাচনে অংশ নেব। এই আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের অঙ্গীকার।”

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, তাদের জোট আগামী নির্বাচনে অংশ নিতে চায় যাতে এটি জাতি ও বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ১০০টি আসনে প্রার্থী মনোনয়নের প্রস্তুতি তাদের রয়েছে। তিনি বলেন, আমাদের নিজ নিজ দলের প্রার্থীরা নিবন্ধনের সময় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ নেবেন।”

বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় পার্টির (মতিন) সাধারণ সম্পাদক জাফর আহমেদ জয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার স্লোগান নিয়ে ২০০৭ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টি গঠন করেন।

কল্যাণ পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অংশ ছিল এবং ২০-দলীয় জোট বিলুপ্ত হওয়ার পরে এটি ১২-দলীয় জোটে যোগ দেয়।

This item is part of
XS
SM
MD
LG