অ্যাকসেসিবিলিটি লিংক

হেনরি কিসিনজারঃ যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন

যুক্তরাষ্ট্রর প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার
যুক্তরাষ্ট্রর প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার

প্রবীণ কূটনীতিবিদ ও যুক্তরাষ্ট্রর প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার মারা গেছেন, তাঁর কন্সালটেন্সি কোম্পানি জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০।

কিসিনজার ১৯৭০ দশকে দুজন প্রেসিডেনটের অধীনে যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র নীতির প্রধান পরিচালক ছিলেন, যে সময় আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ থেকে বেরিয়ে আসে, এবং কম্যুনিস্ট চীন-এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

বিশ্ব কূটনীতিতে কিসিনজারের প্রভাব ছিল সুদূরপ্রসারী, এবং ভিয়েতনামে শান্তি স্থাপনে ভূমিকার জন্য তাঁকে নোবেল পুরষ্কার দেয়া হয়েছিল। একই সময়, তিনি প্রবল সমালোচনার মুখেও পড়েছিলেন।

মধ্যপ্রাচ্যেও কিসিনজার একাধিক সাফল্য অর্জন করেন, যার অন্যতম ছিল ১৯৭৫ সালে মিশর আর ইসরাইলের মধ্যে সিনাই চুক্তিতে মধ্যস্থতা। আরব-ইসরাইলি শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে তাঁর কাজ ‘’শাটল ডিপ্লমেসি’’ নামে পরিচিতি পায়।

বাংলাদেশ নিয়ে সমালোচনা

বিশ্বব্যাপী সাফল্য সত্ত্বেও, কিসিনজার একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন।

সমালোচকরা অভিযোগ করেছেন, তিনি কম্বোডিয়ায় ব্যাপক বোমা-বর্ষণে সম্মতি দিয়েছিলেন, বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ সমর্থন করেছিলেন এবং আর্জেন্টিনায় বিরোধীদের উপর নির্যাতন থামাতে কিছু করেন নি।

হাইনয আলফ্রেড কিসিনজার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির বাভারিয়া অঞ্চলের ফুএর্থ শহরে জন্ম নিয়েছিলেন। তাঁর পরিবার ১৯৩৮ সালে নাতসি জার্মানি থেকে পালিয়ে নিউ ইয়র্ক চলে আসে, এবং তাঁর নাম হাইনয-এর পরিবর্তে হেনরি করা হয়।

(প্রতিবেদনে এপি থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়েছে)

This item is part of
XS
SM
MD
LG