অ্যাকসেসিবিলিটি লিংক

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে নারীর মৃত্যু

নূরতাজ বেগমের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। প্রতীকী ছবি।
নূরতাজ বেগমের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। প্রতীকী ছবি।

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে এক নারী অভিযুক্তের মৃত্যু হয়েছে। তাঁর নাম নূরতাজ বেগম (৬০)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নূরতাজ বেগম নরসিংদী পৌর শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের স্ত্রী।

নূরতাজ বেগমের ছেলে হৃদয় জানান, পুলিশ তাঁর মাকে আগের দিন সন্ধ্যায় আটক করলেও, পরিবারকে কিছু জানায়নি। এমনকি মাঝরাতে তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা এবং সকালে তার মারা যাওয়ার ব্যাপারেও তাদের কিছু জানানো হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে সকালে হাসপাতালে যাওয়ার পরও পুলিশ তাঁর মায়ের লাশ দেখতে দিচ্ছে না।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের পরিদর্শক (এসআই) নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ১০ কেজি গাঁজাসহ নূরতাজ বেগমকে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। রাত ৩টায় তিনি অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাঁকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টায় তিনি মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পলাশ মোল্লা বলেন, “অ্যাবডোমিন পেইন নিয়ে রাতে তিনি ভর্তি হন। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টায় ফের তার পেট ব্যথা শুরু হলে আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে আকস্মিক তিনি মারা যান।”

তিনি আরও বলেন, “ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে।”

ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নূরতাজ একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়। রাতে তিনি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্ট অ্যাটাক হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে নূরতাজ বেগমকে ডিবি পুলিশ মাদকসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদকের মামলা ছিল। ঘটনার দিন রাতে নূরতাজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, হাসপাতালের ডাক্তার জানিয়েছেন নূরতাজ বেগম হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করছেন।

This item is part of
XS
SM
MD
LG