অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি: মানবাধিকার দিবসে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করেছে। ১০ ডিসেম্বর, ২০২৩।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করেছে। ১০ ডিসেম্বর, ২০২৩।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে, গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীরা।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে, আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সকাল থেকেই বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী এই এলাকায় সমবেত হন।

বিএনপি জানিয়েছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরতে, তাদের সব জেলা শাখা এই কর্মসূচি পালন করছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তারা এই কর্মসূচি সফলভাবে পালন করতে চান।

এর আগে, সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম 'মায়ের ডাক' শনিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে।

ছত্রভঙ্গ জামায়াতের মানববন্ধন

এদিকে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর মানববন্ধন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এছাড়া, জামায়াতে ইসলামীর ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন কর্মী-সমর্থক-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামায়াত নেতারা অভিযোগ করেন, হঠাৎ পুলিশ গুলি ছুড়ে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের বাধা দেয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, রবিবার সকালে শহীদ ফারুক সড়কে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করার সময়, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর ৩ জন সমর্থককে আটক করা হয়েছে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী।

This item is part of
XS
SM
MD
LG