অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট

গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতি পরিমাপ করছেন একজন ফিলিস্তিনি নাগরিক। (১২ ডিসেম্বর, ২০২৩)
গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতি পরিমাপ করছেন একজন ফিলিস্তিনি নাগরিক। (১২ ডিসেম্বর, ২০২৩)

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠকে, গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবার কথা।

এই খসড়া প্রস্তাবে, "গাজা উপত্যকার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের দুর্ভোগের বিষয়ে গভীর উদ্বেগ" প্রকাশ করা হয়। এতে আন্তর্জাতিক আইনের আওতায় ইসরাইলি ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়।

এতে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে, সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। অবিলম্বে সকল জিম্মিদের মুক্তি এবং মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বানও জানানো হয় এতে।

গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি ব্যাখ্যা করেন । তিনি বলেন, যুক্তরাষ্ট্র মানবিক বিরতিকে সমর্থন করে তবে এমন একটি যুদ্ধবিরতি হামাসের নেতৃত্বকে ভবিষ্যতে হামলার পরিকল্পনা চালিয়ে যাওয়ার পক্ষে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তারা।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

জাতিসংঘের মঙ্গলবারের অধিবেশন সত্ত্বেও মধ্য ও দক্ষিণ গাজায় ইসরাইলি বিমান হামলা এবং গাজায় লড়াই অব্যাহত রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা ভূখণ্ড জুড়ে রকেট উৎক্ষেপণের স্থান লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। অভিযানের সময় ২৫০টি রকেট, মর্টার শেল এবং রকেট চালিত গ্রেনেড পেয়েছে তাদের স্থল সেনারা।

এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনী চার ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ইসরাইলি ড্রোন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

গত ৭ অক্টোবরের ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজা ভূখণ্ডে হামাসকে নির্মূল করতে ইসরাইলের অভিযান শুরু হয়। এ পর্যন্ত পশ্চিম তীরে প্রায় ২৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মঙ্গলবার “গাজায় স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা” রক্ষার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামরিক চেকপয়েন্টগুলিতে বিলম্ব এবং ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের আটক করার অভিযোগ পাওয়া গেছে জানিয়ে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, "গাজার জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে। এমনকি যুদ্ধেও।"

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, গাজায় স্থায়ীভাবে থাকার কোনো ইচ্ছা ইসরাইলের নেই। তবে তিনি যুদ্ধ শেষ হবার জন্য কোনও সময়সীমা দেননি এবং বলেছেন, মাসের পর মাস ধরে যুদ্ধ চলতে পারে।

জাতিসংঘ সংবাদদাতা মার্গারেট বেশির এবং স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো প্রধান নাইকি চিং এই প্রতিবেদনটি করেছেন। কিছু তথ্য, এপি, রয়টার্স এবং এ এফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG