অ্যাকসেসিবিলিটি লিংক

আব্দুল মোমেন: 'বহির্বিশ্বের চাপ নেই, আমরা আমাদের নিজেদের চাপের মধ্যে আছি'

ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ১৪ ডিসেম্বর, ২০২৩।
ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ১৪ ডিসেম্বর, ২০২৩।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, তারা বহির্বিশ্বের কোনো চাপে নেই, বরং তারা অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন। কারণ তাঁর দল একটি ‘অবাধ ও সুষ্ঠু ’ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের চাপ। তবে আমরা এটা করতে চাই।”

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুল মোমেন বলেন, বহির্বিশ্ব আমাদের সহায়ক ভূমিকা পালন করছে এবং তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি সহিংসামুক্ত নির্বাচন দেখতে চায়।

তিনি বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মানুষকে বিশ্বাস করি। আমরা জনগণের রায় চাই। আমরা চাই বিপুলসংখ্যক জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ।”

এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন জানান, তিনি মনে করেন বিরোধী দল বিএনপি যা করছে তা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। “আমার ধারণা হচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির ওপর ব্যাপক অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্র অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না।”

আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির কাছ থেকে গণতান্ত্রিক আচরণ পায়নি। “যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে। আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো মানসিক তফাৎ নেই।”

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ প্রকৃতি তুলে ধরে আব্দুল মোমেন অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তিনি বলেছিলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর পরামর্শকে গুরুত্ব দেয় এবং যেগুলো জাতির জন্য উপকারী সেগুলো গ্রহণ করে।

This item is part of
XS
SM
MD
LG