অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ৮ জনের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আট জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

গত ২০১৩ সালে, দায়ের করা একটি অগ্নিসংযোগের মামলায় তাদের এই দণ্ড দেয়া হয়। রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম মো. জসিম এই দণ্ডাদেশ দেন। দণ্ডবিধি ১৪৭ ধারায় এক বছর ও ৪৩৫ ধারায় দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয় আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাভোগ করতে হবে তাদের। আলালের আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা দণ্ডপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন; ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম হোসেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানী ঢাকার ধানমন্ডি থানা এলাকার সাত মসজিদ রোডে দণ্ডিত ব্যক্তিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য নেন আদালত।

This item is part of
XS
SM
MD
LG