অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: গণতন্ত্রের স্বার্থে জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান শেখ হাসিনার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন। ৪ জানুয়ারি ২০২৪।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন। ৪ জানুয়ারি ২০২৪।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এই নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “এই নির্বাচন যাতে না হয় সেজন্য এখনো ষড়যন্ত্র চলছে।”

সহিংসতার জন্য বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমালোচনা করে তিনি বলেন, তাদের মধ্যে কোনো মানবিকতা নেই।

তিনি বলেন, “তারা নির্বাচনে অংশ নেয়নি। এটা তাদের ইচ্ছা, কিন্তু এ দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগে বাধা কখনই মেনে নেবে না।”

৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) যাতে জনগণের সম্পদ নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

জনসভায় শেখ হাসিনা তার দলের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) ও আবদুল্লাহ আল কায়সারের (নারায়ণগঞ্জ-৩) জন্য ভোট চান।

This item is part of
XS
SM
MD
LG