অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

বুধবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আলোচনা সাপেক্ষে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আব্দুর রাফেল।

এর আগে ২০২৩ সালের ৭ ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সরকারকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

১৭ ডিসেম্বর হাইকোর্ট রুলের ওপর শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করেন।

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশচলাকালে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর ও হামলার অভিযোগে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG