অ্যাকসেসিবিলিটি লিংক

"সংলাপের কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না"- ফেরদৌস

ফেরদৌস আহমেদ
ফেরদৌস আহমেদ

৭ জানুয়ারী ২০২৪-এ হয়ে গেলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ৩০০ আসনের ঘোষিত ২৯৮ টির মধ্যে ২২২ টিতে জিতে, দুই তৃতীয়াংশের ওপর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

অংশ নেয়া ২৮ টির মধ্যে ২৪ টি থেকে একজনও না জেতা ও তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবার জামানত হারানো এ নির্বাচনে জাতীয় পার্টির ১১ ও জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যান পার্টি থেকে জিতেছেন ১ জন করে।

এদের মধ্যে, জাতীয় পার্টির ১১ জনই জয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে, যেসব জায়গা থেকে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল সেসব নির্বাচনী এলাকায়।

জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন নৌকা নিয়ে লড়ে, আর কল্যান পার্টিও তার আসনটি জিতেছে আওয়ামী লীগের সমর্থন নিয়ে।

বিজয়ী ৬২ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের নেতা।

ফলে এ নির্বাচন শেষে দেশে একটি একদলীয় "গণতন্ত্রের" উত্থান হবার আশংকা দেখা দিয়েছে।

বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দলের বর্জন করা এ নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া দেয়া তথ্য মতে ভোটার উপস্থিতি ছিল ৪১ দশমিক ৮ শতাংশ। অফিসিয়াল এই ফিগার-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ এর পর এটিই বাংলাদেশে হওয়া সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যদিও বিএনপি সহ, দেশি বিদেশী অনেকেই এই নির্বাচনকে "ডামি নির্বাচন " বলে দাবি করেছেন।

কেমন হলো এবারের নির্বাচন? কেমন ছিল এতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের ভূমিকা? এ নিয়ে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আমরা কথা বলেছি নির্বাচনে জয়ী, পরাজিত, বর্জনকারী, সব পক্ষের রাজনীতিবিদদের সাথে। কথা বলেছি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও। নির্বাচনে মিডিয়ার ভূমিকাকে তারা কিভাবে দেখছেন? কিভাবে নিচ্ছেন নির্বাচনের ব্যাপারে দেয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের প্রতিক্রিয়া? এসব নিয়েও আমরা কথা বলেছি তাদের সাথে।

এই সাক্ষাৎকারটি নিয়েছেন আদিত্য রিমন।

সাক্ষাৎকার: ফেরদৌস আহমেদ, চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য, আওয়ামী লীগ (ঢাকা-১০)

ভয়েস অফ আমেরিকা: ভোট কতটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হলো? এই চারটি ক্রাইটেরিয়াতে ১ থেকে ১০ স্কেলে এই নির্বাচনকে আপনি কত দেবেন?

ফেরদৌস আহমেদঃ আমি নাম্বারিং করতে পারবো না। তবে, আমি বলবো নির্বাচন শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমি সন্তুষ্ট।

ভয়েস অফ আমেরিকা: এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাতে কি আপনি সন্তুষ্ট? ১ থেকে ১০ স্কেলে আইন শৃঙ্খলা বাহিনী কত পাবে?

ফেরদৌস আহমেদঃ আমি সন্তুষ্ট। এখানে ১০এর মধ্যে ১০ পাবে।

ভয়েস অফ আমেরিকা: প্রশাসন কতটা নিরপেক্ষভাবে কাজ করেছে? ১ থেকে ১০ এর মধ্যে প্রশাসনের ভূমিকাকে কত দিতে চান আপনি?

ফেরদৌস আহমেদঃ প্রশাসন তাদের কাজ যথেষ্ট সততা ও নিষ্ঠার সঙ্গে করেছে। আমি যেহেতু আমার আসন দেখেছি। যেখানে যা করা দরকার, তাই করেছে তারা। সুতরাং এখানেও ১০ মধ্যে ১০ দিবো।

ভয়েস অফ আমেরিকা: আসলে কত পার্সেন্ট ভোট পড়েছে বলে মনে করেন? আপনার এলাকায় কত পার্সেন্ট আসল আর কত পার্সেন্ট জাল ভোট পড়েছে বলে মনে হয়? নাকি এবারে জাল ভোট পড়েনি?

ফেরদৌস আহমেদঃ আমার আসনে একটাও জাল পড়েনি। ভোট পড়েছে ২২ শতাংশ ভোট পড়েছে। কারণ আমার আসনের অনেক ভোটার দেশের বাইরে, অনেকে ৩ দিনের ছুটিতে ঢাকার বাইরে চলে গেছে।

ভয়েস অফ আমেরিকা: নির্বাচনে দেশীয় মিডিয়ার ভূমিকাকে ১ থেকে ১০ স্কেলে কত দেবেন? সঠিক তথ্যের জন্য আপনি কাদের ওপর নির্ভর করেছেন? ক্রমানুসারে বলুন নির্বাচন কমিশন, দেশি টিভি চ্যানেল, দেশি পত্রিকা, বিদেশী গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া।

ফেরদৌস আহমেদঃ বিদেশী গণমাধ্যম বলেছে, আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে। আমেরিকা ছাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রকম কোনও নেগেটিভ কিছু দেখিনি। আমাদের দেশের গণমাধ্যমের ভূমিকাও এবার যথেষ্ট বস্তুনিষ্ট ছিলো। নিরপেক্ষভাবে কাজ করেছে।

ভয়েস অফ আমেরিকা: ভোট বর্জনের ডাক কতটা সফল? ১ থেকে ১০ স্কেলে কত পাবে?

ফেরদৌস আহমেদঃ তাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তাদের ডাকে আর কেউ সাড়াও দেবে না। কারণ তারা গণতন্ত্রে বিশ্বাসী না। সুতরাং এখানে ফলাফল শূন্য।

ভয়েস অফ আমেরিকা: নির্বাচন ও নির্বাচনোত্তর সহিংসতা আর নির্বাচন বর্জন কেন্দ্রিক সহিংসতার মধ্যে কোনটি বেশি হয়েছে?

ফেরদৌস আহমেদঃ নির্বাচন বর্জন কেন্ত্রিক সহিংসতা বেশি হয়েছে। আর নির্বাচনোত্তর সহিংসতা করার সাহস কিংবা দুঃসাহস নেই। তারা চেষ্টা করেছে কিন্তু, কেউ সাড়া দেয়নি।

ভয়েস অফ আমেরিকা: এ নির্বাচনের ফলে দেশের বিরাজমান রাজনৈতিক সংকট কাটার সম্ভাবনা কতটুকু? ১ থেকে ১০ স্কেলে কত?

ফেরদৌস আহমেদঃ নির্বাচনের ফলে ৮০ শতাংশ রাজনৈতিক সংকট কেটে যাবে। আর বাকি একটি দল তো চাইবে, একটা করে ঝামেলা করে রাখতে। সেইক্ষেত্রে মাঝে-মাঝে হয়তো তারা উস্কানিমূলক কথাবার্তা বলবে। উস্কানিমূলক কাজ করতে চেষ্টা করবে। আমরা যেহেতু শান্তিতে বিশ্বাসী, তারা সহিংসতায় বিশ্বাসী। তাই আমরা শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার চেষ্টা করবো।

ভয়েস অফ আমেরিকা: আপনি কি মনে করেন এই রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপে বসা দরকার?

ফেরদৌস আহমেদঃ না, আর সংলাপের কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

ভয়েস অফ আমেরিকা: দুইদলের মধ্যে সংলাপ হলে একটি সমাধানে আসার সম্ভাবনা কতটুকু? ১ থেকে ১০ স্কেলে?

ফেরদৌস আহমেদঃ সংলাপই যেখানে হবে না। সেখানে এটার প্রশ্নই উঠে না।

ভয়েস অফ আমেরিকা: আন্দোলনের মাধ্যমে বিরোধীদল কি নতুন সংসদ ভাঙতে সরকারকে বাধ্য করতে পারবে? ১ থেকে ১০ স্কেলে কতটুকু চান্স দেখেন?

ফেরদৌস আহমেদঃ সংসদ ভাঙতে পারার প্রশ্নই উঠে না।

ভয়েস অফ আমেরিকা: যুক্তরাষ্ট্র মনে করে ৭ জানুয়ারীতে হওয়া বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার একটি বিবৃতি দিয়েছেন। আপনার মন্তব্য জানতে চাই।

ফেরদৌস আহমেদঃ আমি আমার নির্বাচনী আসন ও সারাদেশে ৩০০ আসন সম্পর্কে যতটুকু শুনেছি-জেনেছি তাতে বলবো, শতভাগ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG