অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দোপাধ্যায়ের

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে ঘোষণার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বাংলা সুপ্রাচীণ ভাষা। গত আড়াই হাজার বছর ধরে এই ভাষার বিবর্তন হয়েছে। সেই কারণেই বাংলাকে এবার ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি মন্ত্রীসভার বৈঠক ছিল পশ্চিমবঙ্গের প্রশাসনিক দপ্তর নবান্ন-এ। এরপর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা চার খণ্ডের গবেষণাপত্র তৈরি করেছে। সেই গবেষণা লব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "বাংলা অনেক ব্যাপারে বঞ্চিত। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরই অপদার্থতা। এর আগে যাঁরা ক্ষমতায় ছিলেন তাঁরা রাজনীতিই করে গেছেন শুধু। এ সব বিষয়ে মন ছিল না।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে গত কুড়ি বছর ধরে ভিন্ন ভিন্ন সরকারের আমলে কয়েকটি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। যেমন তামিল ভাষাকে ২০০০ সালে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেলগু ও কন্নড় ভাষাকে ২০০৮ সালে, মালায়ালমকে ২০১৩ সালে এবং ওড়িয়া ভাষাকে ২০১৪ সালে স্বীকৃতি দেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG