অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্থদের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর একটিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৩ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাম্প্রতিক আগুনের ঘটনায় শরণার্থী শিবিরের অন্তত পাঁচ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

ঢাকায় অবস্তিত ইইউ দূতাবাস মঙ্গলবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সবচেয়ে জরুরি প্রয়োজনে; বিশেষ করে আশ্রয়, তাবু, পানি ও সেখানকার উন্নয়নের জন্য; তাৎক্ষণিক জরুরি সহায়তা দিতে কাজে লাগানো হবে এই তহবিল।

এই সহায়তার অর্থ জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে ব্যয় হবে এবং অন্যান্য মানবিক অংশীদারদের প্রচেষ্টার সহায়ক হবে বলে জানায় ইইউ দূতাবাস ।

সবচেয়ে ঘনবসতিপূর্ণ শিবিরগুলোর মধ্যে একটি হলো ক্যাম্প-৫। এই ক্যাম্পে গত ৭ জানুয়ারি ভোরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৯৫০টি আশ্রয়কেন্দ্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য কেন্দ্র, ১৫টি শিক্ষা কেন্দ্র, অসংখ্য শৌচাগার ও ওয়াশরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও, রোহিঙ্গা সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের সহায়তা ও ফায়ার ব্রিগেডের দ্রুত হস্তক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে মাঝে-মধ্যেই আগুন লাগে। এমন পরিস্থিতিতে, ইউরোপীয় ইউনিয়নের এই অর্থায়ন; দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির মানবিক অংশীদারদের শিবির কাঠামো শক্তিশালী করতে এবং এ ধরণের ঝুঁকি মোকাবেলায় আরো ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে।

নতুন এই বরাদ্দ দেয়ার আগে, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে, গত বছর বাংলাদেশকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ৮০ লাখ ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছে ইইউ ।

গত মার্চে আরেকটি অগ্নিকাণ্ডে কক্সবাজারের শরণার্থী শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় ইইউ ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সহায়তার জন্য ১০ লাখ ইউরো সহায়তা করেছিলো।

This item is part of
XS
SM
MD
LG