অ্যাকসেসিবিলিটি লিংক

হামাসের সঙ্গে যুদ্ধের তীব্রতা শিগগিরই শেষ হবে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী; গাজায় আবারও হামলা

গাজা ভূখণ্ড থেকে ফেরার পর একটি মাঠে ইসরাইলি সাঁজোয়া যানবহর দেখা যাচ্ছে।( ১৫ জানুয়ারি, ২০২৪)
গাজা ভূখণ্ড থেকে ফেরার পর একটি মাঠে ইসরাইলি সাঁজোয়া যানবহর দেখা যাচ্ছে।( ১৫ জানুয়ারি, ২০২৪)

মঙ্গলবার গাজা ভূখন্ডের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিমান হামলার খবর জানিয়েছে ইসরাইল। এর ঠিক একদিন আগেই দেশটির প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রীরা হামাসের সাথে ইসরাইলের যুদ্ধের তীব্রতা শিগগিরই শেষ হবে বলে ঘোষণা দিয়েছিলেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শাতি এলাকার জঙ্গিদের পাশাপাশি খান ইউনিস এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনী বলেছে ইসরাইলি সৈন্যরা কয়েক ডজন জঙ্গিকে হত্যা করেছে এবং প্রায় ১০০টি রকেট স্থাপনা খুঁজে বের করেছে।

সর্বসম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি ট্যাংক বিধ্বংসী লঞ্চারে রাতভর বিমান হামলা চালানো হয, যা এই অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে যুদ্ধবিরতির বিষয়টি প্রত্যাখ্যান করে বলেন, গাজায় তাদের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তিনি মনে করেন, সামরিক চাপ ছাড়া হামাস আর কোনও জিম্মিকে মুক্তি দিতে রাজি নাও হতে পারে।

গ্যালান্ট আরও বলেন, গাজার দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনী “গুরুতর কৌশলগত অবস্থায়” আছে, তা শিগগিরই শেষ হবে। তাদের সেনাবাহিনী সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে তাদের তীব্র স্থল অভিযান শেষ করেছে বলেও জানান তিনি।

অক্টোবরে হামলার সময়ে অপহৃত ইসরাইলি জিম্মিদের মধ্যে দুজনের মৃত্যুর ঘোষণা দেয় হামাস, এরপরই গ্যালান্টের এই মন্তব্য আসে।

সোমবার হামাসের প্রকাশিত একটি ভিডিওতে, ইসরাইলি জিম্মিদের মধ্যে দু'জনের মৃতদেহ দেখা যায়। ভিডিওটির সঙ্গে এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরাইলি সেনাবাহিনীই জিম্মিদের হত্যা করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এটা হামাসের মিথ্যাচার।”

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা প্রায় ২৪,১০০। আরও ৬০,০০০ এরও বেশি আহত হবার খবরও রয়েছে।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলের দক্ষিাঞ্চলে প্রবেশ করে ১,২০০ জনকে হত্যা এবং ২৪০ জনকে জিম্মি করে। এরপর ইসরাইল হামাসকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে গাজায় সামরিক অভিযান শুরু করে।যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG