অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিতে চায়

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ। আর, এই সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় দুই দেশ।

সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ বুধবার (৩১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। তিনি জানান যে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। যার মূলে রয়েছে ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন।

শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশি মুসলমানদের কাছে ইসলামের জন্মস্থান এবং মক্কা ও মদিনা দুটি পবিত্রতম স্থান হওয়ায় সৌদি আরব তাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। হাজার হাজার বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করেন বলে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শাখাওয়াত মুন জানান, দুই পবিত্র মসজিদের হেফাজতকারী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং সৌদি প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক ফ্রন্টে সৌদি আরবের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড, সংস্কার ও উদীয়মান ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনা।

শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ প্রধানমন্ত্রীকে পুনঃনির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বলে জানান শাখাওয়াত মুন।

তিনি আরো জানান যে ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বলেছেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে রয়েছে এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলেও জানান শাখাওয়াত মুন।

সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট তার দেশের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন।

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শুভেচ্ছাকে স্বাগত জানান শেখ হাসিনা। জবাবে তিনি ক্রাউন প্রিন্সকে শুভেচ্ছা জানান।

This item is part of
XS
SM
MD
LG