অ্যাকসেসিবিলিটি লিংক

অভিনেতা আহমেদ রুবেল প্রয়াত

অভিনেতা আহমেদ রুবেল।
অভিনেতা আহমেদ রুবেল।

অভিনেতা আহমেদ রুবেল বুধবার (৭ ফেব্রুয়ারি) মারা গেছেন। সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক।

‘পেয়ারার সুবাস’ ছবির প্রিমিয়ারের শোয়ের জন্য ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে আসার পর রুবেল অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পেয়ারার সুবাস সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন আহমেদ রুবেল। তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি সেলিম আল দীনের মাধ্যমে। তাঁর অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। পরে তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন। এই নাটকে তাঁর অভিনীত ‘ঘোড়া মজিদ’ চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়।

টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন ২০০৫ সাল থেকে। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আহমেদ রুবেলের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG