অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বহুপাক্ষিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ ও ফ্রান্স

পরিবেশ, বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ফ্রান্সের একটি প্রতিনিধি দল। ১১ ফেব্রয়ারি, ২০২৪।
পরিবেশ, বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ফ্রান্সের একটি প্রতিনিধি দল। ১১ ফেব্রয়ারি, ২০২৪।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়, বহুপাক্ষিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ফ্রান্স।

রবিবার (১১ ফেব্রয়ারি) পরিবেশ, বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ফ্রান্সের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ কালে, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে দুই দেশ।

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা জোরদার ও টেকসই পরিবেশগত চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়েন ডুয়ার এবং ফ্রান্সের জলবায়ু পরিবর্তন সমঝোতা বিষয়ক রাষ্ট্রদূত স্টিফেন ক্রৌজাত।

বৈঠকে, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, অভিযোজন কৌশল ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগসহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। এছাড়া, স্থিতিস্থাপকতা বাড়াতে এবং জলবায়ু লক্ষ্য অর্জনে জ্ঞান, প্রযুক্তি ও সম্পদ বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে উভয় পক্ষ।

ফ্রান্সের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবের হোসেন চৌধুরী। জলবায়ু পরিবর্তন ইস্যু মোকাবেলায় বাংলাদেশের সক্রিয় অবস্থান তুলে ধরেন তিনি।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও বাস্তুতন্ত্রকে রক্ষায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

জলবায়ু স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফ্রান্সের জলবায়ু বিষয়ক দূত।

উদ্ভাবনমূলক সমাধান বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। এছাড়া, জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

উভয় পক্ষ, যৌথ প্রকল্প, জ্ঞান বিনিময় কর্মসূচি ও নীতি সংলাপের মাধ্যমে তাদের সহযোগিতা আরো গভীর করতে সম্মত হয়।

তারা জলবায়ু কর্মকাণ্ডের ক্ষেত্রে উচ্চাশার পক্ষে এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহায়তা জোগাড় করতে সিওপি বৈঠকসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দেন।

বাংলাদেশ ও বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের জন্য প্রচেষ্টা জোরদার করার অভিন্ন অঙ্গীকার করা হয়েছে বৈঠকে।

This item is part of
XS
SM
MD
LG