অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা: ‘অবকাঠামোর পাশাপাশি গ্রাম এলাকার সার্বিক উন্নয়ন প্রয়োজন’

 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ ফেব্রুয়ারি, ২০২৪।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ ফেব্রুয়ারি, ২০২৪।

অবকাঠামো নির্মাণের পাশাপাশি গ্রাম এলাকার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আমি মনে করি অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গ্রাম এলাকার সার্বিক উন্নয়ন প্রয়োজন।”

সভায়, স্বল্প অর্থ বরাদ্দের কারণে যেসব উন্নয়ন প্রকল্প বিলম্বিত হয়েছে, সেগুলো দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

“আমি মন্ত্রিপরিষদ সচিবকে বলবো, প্রকল্পগুলো যাতে দ্রুত শেষ হয়, সে নির্দেশনা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবকে যেন পৌঁছানো হয়;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পগুলোর কাজ শেষ হলে, সরকারের জন্য নতুন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা সহজ হবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি জানান, কিছু উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রকল্পগুলো খুব তাড়াতাড়ি শেষ করার তাগিদ দেন তিনি।

“কারণ, অসমাপ্ত থাকলে প্রকল্পগুলোর ব্যয় অহেতুক বাড়বে এবং সময় নষ্ট হবে। এগুলো সম্পন্ন হওয়া নিশ্চিত করুন;” যোগ করেন শেখ হাসিনা।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারকে অবশ্যই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আর, সরকারের লক্ষ্য অর্জনে যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণের সময় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

This item is part of
XS
SM
MD
LG