অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা মির্জা ফখরুল ও আমীর খসরু জামিনে মুক্ত

প্রায় সাড়ে তিন মাস কারাগারে বন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় সাড়ে তিন মাস কারাগারে বন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রেপ্তার হয়ে প্রায় সাড়ে তিন মাস কারাগারে বন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর বিকেল ৩টা ৩৫ মিনিটে তাঁরা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

শায়রুল কবির বলেন, বিএনপির নেতাকর্মী ও দলের শীর্ষ দুই নেতার স্বজনেরা জেলগেটে দুজনকে অভ্যর্থনা জানান।

তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্তি পেয়ে তাঁরা স্বজনদের নিয়ে সরাসরি নিজ নিজ বাসভবনে যান।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত মির্জা ফখরুল ও আমীর খসরুকে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় জামিন দেন।

আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের তাঁদের জামিন আবেদন শুনানির পর মঞ্জুর করেন।

২০২৩ সালের ২৯ অক্টোবর মির্জা ফখরুল ও আমীর খসরুসহ বিএনপির ৫৯ নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা করে পুলিশ।

সমাবেশে সহিংসতার ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি ও আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে এবং ৩ নভেম্বর গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করা হয়।

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান মির্জা ফখরুল। এরপর ১৭ জানুয়ারি ঢাকার পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান তিনি।

২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সেদিন থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল।

অন্যদিকে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পুলিশ সদস্য হত্যা মামলায় আমীর খসরুকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়।

This item is part of
XS
SM
MD
LG