অ্যাকসেসিবিলিটি লিংক

সাজার মেয়াদ শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন

বাংলাদেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে সাজা খাটা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ১৫৭ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ বছরের ২১ জানুয়ারি কারা মহাপরিদর্শকের কার্যালয়ে দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব ও কারা মহাপরিদর্শককে এ নির্দেশনা পালন করতে বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত জানান, এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য হাইকোর্ট ২৮ মে দিন ধার্য করেছেন। এর আগে ২১ জানুয়ারি প্রতিবেদনে জানানো হয়, দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধে সাজা খাটা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন ১৫৭ জন বিদেশি। আটকদের মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের ও একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। ১৫৭ জনের মধ্যে ১৯ জন নারী। উচ্চ আদালতের আদেশের পর কারা অধিদপ্তর এই প্রতিবেদন পাঠায়।

কারাবন্দী এসব বিদেশি নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২, পাসপোর্ট আইন, ১৯৫২ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা ছিল।

This item is part of
XS
SM
MD
LG