অ্যাকসেসিবিলিটি লিংক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার: রমজান উপলক্ষে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল দেওয়া হবে

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সাংবাদিকদের সাথে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ৪ মার্চ, ২০২৪।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সাংবাদিকদের সাথে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ৪ মার্চ, ২০২৪।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৪ মার্চ) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই চালু করতে (ডিলারদের চাল ওঠাতে) করতে বলেছি। আমাদের ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত একটি সিদ্ধান্ত ছিল। সেটা থেকে কমিয়ে আমরা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের জন্য যে ডিলার আছে তারা ১০ মার্চের মধ্যে দেড় লাখ টন বিতরণ শেষ করবে।”

এতে বাজারে স্বস্তি ফিরবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।”

চালের দাম ও জাত বস্তায় লেখা থাকার বিষয়টি কার্যকর হয়েছে কি না জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমরা ২০ মার্চের মধ্যে পরিপত্র জারি করব আর তা কার্যকর করব ১৪ এপ্রিল বা পয়লা বৈশাখ থেকে। তখন বাজারে বোরোর নতুন চাল আসবে। … যেসব চাল এখন বাজারে বস্তায় সিল মারা আছে সেগুলো এখন আর কেউ প্যাকেট পাল্টাবে না। কাজেই নতুন বছরে বোরো চাল উঠবে তখন থেকে এটা কার্যকর হবে৷”

ডিসিদের কাছে হালনাগাদ তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ডিসি ও মিল মালিকদের মধ্যে মিটিং শুরু হয়েছে। ধান ও চালের জাতের যে নমুনা, সেটা তাদেরও সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, ধান গবেষণা ইনস্টিটিউট সে জাতগুলো দিয়েছে, আউশ, আমন ও বোরোতে কোন কোন জাত, কোনটা মোটা, মাঝারি ও সরু সেই জাত দিয়েছে, সেটা নিয়ে তাদের সঙ্গে কাজ করছি। এ ছাড়া, মজুতবিরোধী অভিযান অনেকাংশেই সফল হয়েছে।

তিনি আরও বলেন, “ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।”

This item is part of
XS
SM
MD
LG