অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার তেল পরিশোধনাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা

ফাইল ছবি - ক্রাইমিয়ার একটি জ্বলন্ত ট্যাংক থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে (২৩ এপ্রিল, ২০২৩)
ফাইল ছবি - ক্রাইমিয়ার একটি জ্বলন্ত ট্যাংক থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে (২৩ এপ্রিল, ২০২৩)

ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার রুশ তেল পরিশোধনাগারগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রায়াজান অঞ্চলের একটি অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রায়াজানের আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ জানান, সেখানে অবস্থিত একটি তেল পরিশোধনাগারে হামলার ঘটনার প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ড ঘটেছে ও কিছু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।

লেলিনগ্রাদ অঞ্চলের কর্মকর্তারা জানান, রুশ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা একটি তেল পরিশোধনাগারের দিকে আসা ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

টানা দ্বিতীয় দিন ধরে ইউক্রেনীয় ড্রোন রুশ ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এরই অংশ হিসেবে এসেছে এই হামলা।

বুধবার ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল ভোরনেঝ-এর গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

মঙ্গলবার ইউক্রেনীয় ড্রোন হামলায় দুইটি রুশ জ্বালানি অবকাঠামো ক্ষতির শিকার হয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ক্রিভি রিহ শহরে মঙ্গলবার একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত তিন জন নিহত ও অন্তত ৩৮ জন আহত হন।

ক্রিভি রিহ’র সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর ভিলকুল জানান, এই শহরটি ভলোদিমির জেলেন্সকির জন্মস্থান এবং এখানে নিয়মিত রাশিয়া হামলা চালিয়ে থাকে। সেদিন শহরটিতে মোট তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানান তিনি।

সামাজিকযোগাযোগ মাধ্যমে জেলেন্সকি শোক প্রকাশ করেছেন এবং সহায়তা দেওয়ার জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতিদিন, আমাদের শহর ও গ্রামগুলো একই ধরনের হামলার শিকার হচ্ছেন। প্রতিদিন, ইউক্রেনীয়রা অশুভ রুশ শক্তির কাছে প্রাণ হারাচ্ছে”।

“যুদ্ধে কোন বিরতি থাকা যাবে না। এক মাস তো দূরে থাক, এক সপ্তাহ বা এক দিনও নয়। শুধুমাত্র জীবন বাঁচাতে, মানুষকে আতঙ্ক থেকে রক্ষা করতে।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG