অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ‘রমজানে ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়ান’

বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রমজানে ইফতার পার্টি না করে, সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব কালে এ আহবান জানান তিনি।

বৈঠকের পর, সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রধানমন্ত্রী আজ একটা আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির টাকা নিয়ে যেন সকলে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।”

প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ইফতার পার্টি না করার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব আরো জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য দুটি সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছেন; একটি হলো, কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলা এবং দ্বিতীয়টি হলো কৃষিপণ্য সংরক্ষণের জন্য দেশের আটটি বিভাগে আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে, কৃষিভিত্তিক সমবায় গড়ে তুলতে কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন আরো বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই উদ্যোগ স্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এবং অফ সিজনে বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সহায়তা করবে।

আধুনিক সংরক্ষণাগারে বিভিন্ন কৃষি পণ্যের জন্য আলাদা চেম্বার থাকা উচিত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

This item is part of
XS
SM
MD
LG