অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্মি জাহাজ আব্দুল্লাহর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ
বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ

ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করার ৯ দিনের মাথায় জাহাজটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা।

বুধবার (২০ মার্চ) দুপুরে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন, এমভি আব্দুল্লাহর মালিকপক্ষ এসআর শিপিং (কবির গ্রুপ)-এর গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি ইউএনবিকে বলেন, “বুধবার দুপুরে জলদস্যুরা ফোন করেছে। তবে এখনো কোনো কিছু তারা দাবি করেনি। নাবিকদের বিষয়ে এবং জাহাজের সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে মাত্র। এখন আলোচনার পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি একটি সমাধানের পথ বেরিয়েছে। দস্যুরা জানিয়েছে নাবিকেরা সবাই ভালো আছে। তাদের ওপর কোনো নির্যাতন করা হবে না। তারা আবারও যোগাযোগ করবে।”

নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, “যোগাযোগ শুরুর দিকটি ইতিবাচক। মালিকপক্ষ ও বিমাকারী প্রতিষ্ঠান জলদস্যুদের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছাবে।”

উল্লেখ্য, মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ১২ মার্চ এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি এই জাহাজের নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। পরে জাহাজটি তারা সোমালিয়ার একটি উপকূলে নোঙ্গর করে। জিম্মি করার ৯ দিনের মাথায় দস্যুদের পক্ষ থেকে বুধবার প্রথম যোগাযোগ করা হয় বলে মালিকপক্ষ জানায়। এর মধ্য দিয়ে ২৩ নাবিকসহ জাহাজটি মুক্ত হওয়ার আশার আলো দেখা দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG