অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউএনডিপির শুভেচ্ছা দূত প্রিন্সেস ভিক্টোরিয়া

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে এবং তাদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সহায়তা পরিষেবা সম্পর্কে ধারণা নিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। সেখানে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার (এসপি) মাহাফুজুল ইসলাম তাঁকে স্বাগত জানান।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া প্রথমে ক্যাম্প-৪ এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরনের ই ভাউচার আউটলেটের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ক্যাম্প ৪-এ ইউএন ওমেন ও ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শন করেন। এখানে তিনি রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন।

মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শন শেষে তিনি ক্যাম্প ৫–এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি বেকারী শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া, তিনি রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বিকেলে কক্সবাজার সদরে জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত বিশ্বের বৃহত্তম খুরুশকূল আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এর আগে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া সকালে নোয়াখালী জেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখান থেকে তিনি কক্সবাজারের উখিয়ায় যান।

এ সময় ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এক্সটারনাল রিলেশনস ও অ্যাডভোকেসি পরিচালক উলরিকা মদির, সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেল।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে প্রচারণার উদ্দেশ্যে ১৮ মার্চ (সোমবার) ঢাকায় আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও ইউএনডিপির শুভেচ্ছা দূত ভিক্টোরিয়া। ইউএনডিপির শুভেচ্ছা দূত হওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG