অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরো সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা

গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ মার্চ, ২০২৪।
গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ মার্চ, ২০২৪।

বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে আরো বেশি সহায়তা প্রত্যাশা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ মার্চ) গণভবনে এডিবির অন্যতম ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এই প্রত্যাশার কথা জানান।

পরে, সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে নজরুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।”

সাক্ষাৎ কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিবি কর্মকর্তা ফাতিমা ইয়াসমিনকে জানান, তার সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে। কারণ, এটি শিল্পায়নের সম্প্রসারণে এবং আরো কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধার এর মতো খাতগুলোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, এসব খাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তা বাড়াতে পারে; জানান স্পিচ রাইটার নজরুল ইসলাম।

আরো বেশি জনকেন্দ্রিক প্রকল্প গ্রহণের জন্য এডিবির প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশকে শীর্ষ অগ্রাধিকারপ্রাপ্ত দেশ উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট ফাতিমা জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচবার দক্ষিণ এশীয় এই দেশের জন্য সহায়তা বাড়িয়েছে এডিবি।

ফাতিমা ইয়াসমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, এডিবি জলবায়ু পরিবর্তন অভিযোজন, মানবিক ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি, নদী পুনরুদ্ধার, নদীভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র এবং সেচ কেন্দ্রিক প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।

গত বছরের সেপ্টেম্বরে এডিবিতে যোগ দেন ফাতিমা ইয়াসমিন। এর আগে তিনি বাংলাদেশের অর্থ বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This item is part of
XS
SM
MD
LG