অ্যাকসেসিবিলিটি লিংক

স্পিকার শিরীন শারমিন: ‘বিশ্বকে জলবায়ু সংশ্লিষ্ট বিপর্যয় থেকে বাঁচাতে একযোগে কাজ করতে হবে’

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি।

জলবায়ু সংশ্লিষ্ট বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (১ এপ্রিল) রাজধানী ঢাকার একটি হোটেলে, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহবান জানান তিনি। বিশ্বের ৭৪টি দেশে বর্তমানে ক্লাইমেট পার্লামেন্ট কাজ করছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় জলবায়ু সহনীয় কৃষি, অর্গানিক ফার্মিং এবং গ্রিন এন্ট্রাপ্রেনারশিপ চালু করতে হবে। বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান স্পিকার। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় ক্লাইমেট পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পরিবেশ রক্ষায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আনতে পারাই হলো ক্লাইমেট পার্লামেন্টের সার্থকতা।

বাংলাদেশের নদী দূষণের কথা উল্লেখ করে স্পিকার বলেন, বাড়ির পাশের প্রবাহিত নদী দূষণমুক্ত রাখার জন্য সচেতনতা তৈরিতে স্থানীয় জনসাধারণকেই ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, ক্লাইমেট পার্লামেন্টের সকল সদস্য, সংসদ সদস্য হলেও জাতীয় সংসদের সঙ্গে এর কোনো পার্টনারশিপ নেই। “তবে, জাতীয় সংসদ ক্লাইমেট পার্লামেন্টের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে কাজ করতে এবং সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে; তিনি আরো বলেন।

অনুষ্ঠানে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সভাপতি তানভীর শাকিল জয় নতুন কমিটির নাম ঘোষণা করেন।অনুষ্ঠানে, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহবায়ক নাহিম রাজ্জাক ও প্রধান পৃষ্ঠপোষক সাবের হোসেন চৌধুরী বক্তব্য প্রদান করেন।

এছাড়া দক্ষিণ এশিয়া সেক্রেটারিয়েটের ক্লাইমেট পার্লামেন্টের পলিসি অ্যাডভাইজর সুমেধা বসু, ক্লাইমেট পার্লামেন্টের ফাউন্ডার ও চীফ স্ট্রাটেজি অফিসার নিক ডানলপ ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে ছিলেন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুয়।

এছাড়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও নেপালের রাষ্ট্রদূত, ক্লাইমেট পার্লামেন্টের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের ক্লাইমেট পার্টনার্স, এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

This item is part of
XS
SM
MD
LG