অ্যাকসেসিবিলিটি লিংক

সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানের দাবি নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে ত্রুটিপূর্ণ ও রুট পারমিটবিহীন বাসসহ সব ধরনের অবৈধ যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

বুধবার (৩ এপ্রিল) সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে জাতীয় কমিটি বলেছে, নিকট অতীতে বিভিন্ন সময়ে সড়ক পরিবহনমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ ও অবৈধ যানবাহন এবং অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের দায়ী করেছেন। অথচ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে দৃশ্যত সড়ক ও মহাসড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ও ধারাবাহিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, সড়ক-মহাসড়কে অহরহ দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটলেও দুর্ঘটনার ঝুঁকিমুক্ত সড়ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মহল উদাসীন রয়েছে।

নিকট অতীতের মতো আসন্ন ঈদুল ফিতরের আগে প্রাণঘাতী দুর্ঘটনায় পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যাপারেও সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটিএকে সতর্ক করে সংগঠনটি।

এ জন্য রাজধানী ঢাকাসহ দেশের সকল মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অবৈধ যানবাহন এবং লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকসহ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের জন্য বিআরটিএ, পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

This item is part of
XS
SM
MD
LG