অ্যাকসেসিবিলিটি লিংক

মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা: ‘কিশোর অপরাধীদের সংশোধন করতে বিশেষ মনোযোগ দিন’

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল, ২০২৪।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল, ২০২৪।

গতানুগতিক অপরাধীদের মতো না ভেবে, কিশোর গ্যাং সদস্যদের মোকাবেলা করতে বিশেষভাবে মনোযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সংশোধনে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন তিনি। শেখ হাসিনার সভাপতিত্বে, তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে, সচিবালয়ে এবিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। প্রত্যেককে এই প্রক্রিয়ায় (গ্যাং মোকাবিলা করতে) জড়িত থাকতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন, “অন্যান্য অপরাধীদের মোকাবেলা করতে গতানুগতিক যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেরকম না ভেবে তাদের (কিশোর গ্যাং) ক্ষেত্রে আমাদের বিশেষ পদ্ধতি প্রয়োগ করতে হবে।”

এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিশোর অপরাধীরা কোনো অপরাধে জড়িয়ে পড়লে, তাদের মোকাবেলা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি। কিশোর অপরাধীদের সংশোধন ও বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ রাখতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী, জানান মন্ত্রিপরিষদ সচিব।

কিশোর অপরাধীদের কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে না রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রকল্প গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

This item is part of
XS
SM
MD
LG