অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ। প্রতীকী ছবি।
বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ। প্রতীকী ছবি।

বাংলাদেশের ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিত বুলেটিনে সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার বার্তায় জানিয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এতে আরও বলা হয়, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাবনা জেলার ঈশ্বরদীতে এবং বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়।

This item is part of
XS
SM
MD
LG