অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মুদ্রা বিনিময় হার নির্ধারণ হবে ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি প্রয়োগ করবে। আর, বাজারভিত্তিক সুদহার নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

রবিবার(৫ মে) রাজধানী ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ এবং বাংলা দৈনিক বণিক বার্তা ‘ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স, ঢাকা’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।

“বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবস্থা প্রণয়নে বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংকারদের সঙ্গে কাজ করছে;” আরো জানান গভর্নর রউফ তালুকদার ।

ক্রলিং পেগ হলো বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট বিনিময় হারের সঙ্গে একটি মুদ্রাকে হারের একটি পরিসীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেয়া হয়। পদ্ধতিটি সম্পূর্ণরূপে স্থির বিনিময় ব্যবস্থাপনার মূল বৈশিষ্ট্য গুলোর পাশাপাশি ভাসমান বিনিময় হার ব্যবস্থাপনার নমনীয়তা ব্যবহার করে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ ও ফজলে কবির, সাবেক অর্থ সচিব ড. এম তারেক ও মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী।

ড. সালেহউদ্দিন বলেন, সৎ ব্যবসায়ীদের স্বস্তি এবং ব্যাংক ও অধিক সুবিধাভোগী গোষ্ঠীর ওপর ইতিবাচক প্রভাবের জন্য কেন্দ্রীয় ব্যাংককে কিছু বিষয় শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর, এটা করতে হবে স্বাধীন নীতি প্রণয়ন ও এর বাস্তবায়নে স্বার্থে।

তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য স্বল্প সুদে অর্থায়ন নিশ্চিত করা এবং খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি ঋণের প্রবাহ বাড়ানোর নীতির ওপর গুরুত্বারোপ করেন।

সাবেক অর্থ সচিব মুসলিম উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশকে বিভিন্ন খাতের, বিশেষ করে আর্থিক খাতের, তথ্যের মান উন্নত করতে হবে। মুদ্রাবাজারে উচ্চ ক্ষমতার মুদ্রা সরবরাহ হ্রাস করার পরামর্শ দেন তিনি। বলেন, “এটা মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তোলে।”

This item is part of
XS
SM
MD
LG