অ্যাকসেসিবিলিটি লিংক

আইওএম’র প্রতি শেখ হাসিনা: ‘রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল বৃদ্ধির লক্ষ্যে, নতুন অংশীদার খুঁজতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ মে) আইওএম মহাপরিচালক অ্যামি পোপ, গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

নজরুল ইসলাম জানান যে শেখ হাসিনা বলেছেন, “যেহেতু রোহিঙ্গাদের জন্য সহায়তা হ্রাস পেয়েছে, তাই আইওএমের উচিত তাদের জন্য আরো তহবিল সংগ্রহের জন্য নতুন অংশীদারদের সন্ধান করা।”

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক তহবিল উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায়, সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ নিয়ে আলোচনা করেন।

কক্সবাজারের শিবির থেকে রোহিঙ্গাদের ভাসানচর (দ্বীপ) স্থানান্তরে সহায়তা করার জন্য আইওএম এর প্রতি আহবান জানান শেখ হাসিনা। বলেন, ভাসানচরে প্রায় এক লাখ মানুষের জন্য আত্মকর্মসংস্থান, তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং অবকাঠামোসহ আবাসন ও জীবিকার সুবিধা রয়েছে।

ইতোমধ্যে কক্সবাজারের ক্যাম্প থেকে ৩০ থেকে ৩৫ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।সোমবার (৬ মে) ক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে আইওএম মহাপরিচালক ক্যাম্পের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমারে সংঘাত অব্যাহত রয়েছে এবং কক্সবাজারের জনাকীর্ণ শিবিরে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী বিভিন্ন গ্রুপ ও উপ-গ্রুপে বিভক্ত। তাই তারা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে।

“এছাড়া রোহিঙ্গারা সংখ্যায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী-কে ছাড়িয়ে গেছে। তাই সেখানে সীমিত সম্পদের জন্য দ্বন্দ্ব রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে;” উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG