অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকারি কোম্পানিগুলোকে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী কোম্পানিগুলোর নাম সুনির্দিষ্টভাবে না বললেও অর্থ বিভাগ ও অর্থসচিবকে পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্তির আগে সেগুলোকে যথাযথভাবে যাচাই-বাছাই করতে বলেছেন।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।

আব্দুস সালাম প্রধানমন্ত্রীর নির্দেশনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে বলেন, এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং সর্বোপরি কোম্পানিগুলো তাদের ব্যয় কমাতে সক্ষম হবে।

তিনি বলেন, “এতে প্রতিযোগিতার মনোভাবও তৈরি হবে। সরকারি কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বেসরকারি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।”

সভায় খুলনায় ১ হাজার ৮৭৫ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে একনেক। এর মধ্যে ৮টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।

১০টি প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৫ হাজার ৫৬৩ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৫ হাজার ২০৩ কোটি ২১ লাখ টাকা। বাকি ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা আসবে বৈদেশিক উৎস থেকে।

This item is part of
XS
SM
MD
LG