অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত মুহিত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

পদটিতে তার নির্বাচিত হওয়াকে, রাষ্ট্রদূত মুহিত বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস ও আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

“জাতিসংঘের দ্বিতীয় কমিটিতে বাংলাদেশের নেতৃত্ব, বৈশ্বিক নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে অবদান রাখতে এবং অর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশের অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে আমাদের সাহায্য করবে;” যোগ করেন রাষ্ট্রদূত মুহিত।

দ্বিতীয় কমিটি জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ একটি কমিটি। এই কমিটি জাতিসংঘের অর্থনৈতিক, আর্থিক এবং পরিবেশগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম তদারকি করে।

আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, সাউথ-সাউথ কো-অপারেশন, কিছু দেশের বিশেষ পরিস্থিতি, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো বিষয়গুলো এই কমিটির আওতাধীন।

রাষ্ট্রদূত মুহিত, ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের ২০২৪ সালের সভাপতি হিসেবে নীতি নির্ধারণে নেতৃত্ব প্রদান করছেন।

এর আগে তিনি জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২২ সালের সভাপতি এবং ২০২৩ সালের সহ-সভাপতি, ইউএনউইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This item is part of
XS
SM
MD
LG