অ্যাকসেসিবিলিটি লিংক

‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ৬ মাস অপেক্ষা করতে হবে’, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মাহমুদ আলী

রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, বাজেটোত্তর সংবাদ সম্মেলন।
রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, বাজেটোত্তর সংবাদ সম্মেলন।

বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশবাসীকে ৬ মাস অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেছেন দেশটির অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার (৭ জুন) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

“সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবকিছু করছে এবং বাজেটে গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বছরের শেষের দিকে এটি কমতে শুরু করবে;” জানান অর্থমন্ত্রী মাহমুদ আলী।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে জাতীয় বাজেটের আকার কমানো হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি ৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ আছে।

“আওয়ামী লীগ ২০০৯ সালে যখন ক্ষমতায় আসে, তখন মূল্যস্ফীতি ছিলো ৯ শতাংশ, ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ১০ শতাংশে। সরকার দুই বছরের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী দশকে মূল্যস্ফীতি ছিলো ৫ থেকে ৬ শতাংশের মধ্যে;” যোগ করেন অর্থমন্ত্রী।

আপাতত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানান তিনি। বলেন, “আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছি এবং আমরা আরো কি করতে পারি তা নিয়ে চিন্তাভাবনা করছি।”

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।

This item is part of
XS
SM
MD
LG