অ্যাকসেসিবিলিটি লিংক

আইএলও প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতিষ্ঠিত, গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস-এ যোগ দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ জুন) জেনেভায় অনুষ্ঠিত প্রথম ফোরামে, কোয়ালিশনে যোগদানের বিষয়ে বাংলাদেশের সরকারি সিদ্ধান্ত জানানো হয়। জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বহুপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদার করার মাধ্যমে, বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার ও ন্যায্যতার ঘাটতি পূরণ করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনে অবদান রাখতে গত বছরের নভেম্বরে এ কোয়ালিশন প্রতিষ্ঠিত হয়।

গত বছরের জুনে, আইএলওর মহাপরিচালক গিলবার্ট হোংবোর আমন্ত্রণে জেনেভায় ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট-সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

সম্মেলনে কোয়ালিশনের রূপরেখা নিয়ে বিশ্ব নেতারা নিজেদের মত প্রকাশ করেন। এ সময় কোয়ালিশন গঠনের ক্ষেত্রে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার পাঁচ দফা সুপারিশ ও অন্যান্য বিশ্ব নেতাদের মতামতের ভিত্তিতে কোয়ালিশনের জন্য প্রাথমিকভাবে ছয়টি অগ্রাধিকার বেছে নেয়া হয়। এর মধ্যে রয়েছে; অসমতা ও বৈষম্য মোকাবেলা, শ্রমিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, টেকসই ব্যবসা ও শোভন কর্মসংস্থান।

বিষয়গুলোতে আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বেসরকারি অংশীদারদের কার্যকর সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে নীতিগত সামঞ্জস্য আনতে কোয়ালিশন কাজ করবে।

এর আগে, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ ৭২টি দেশের সরকার গ্লোবাল কোয়ালিশনে যোগ দিয়েছে।

বৃহস্পতিবার ৭৩তম দেশ হিসেবে এ গুরুত্বপূর্ণ কোয়ালিশনের অংশীদার হলো বাংলাদেশ। সরকার ছাড়াও বিভিন্ন দেশের শ্রমিক সংগঠন, মালিক সংগঠন, বেসরকারি সংস্থা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠান কোয়ালিশনের অংশীদার।

This item is part of
XS
SM
MD
LG