অ্যাকসেসিবিলিটি লিংক

‘কালো টাকা সাদা করার বিধান পুনর্বিবেচনা করা উচিত’, বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ড. এ কে আব্দুল মোমেন
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে, কালো টাকা সাদা করার বিধান নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২০) তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার ঘোষণার কারণে সৎ করদাতারা হতাশ হয়ে পড়েছেন বলে উল্লেখ করেন ড. মোামেন।প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, “আমি অবশ্যই মনে করি কালো টাকা সাদা করার সুযোগ পুনর্বিবেচনা করা প্রয়োজন।”

এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির চ্যালেঞ্জ তুলে ধরেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, অপর্যাপ্ত স্থানীয় চাকরির কারণে, অনেক নাগরিক বিদেশে সুযোগ খোঁজেন। “সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে মাত্র ৩ দশমিক ৬ শতাংশ মানুষ বেকার। তবে আমার অফিসে আসা ১০ জনের মধ্যে ৬ জন চাকরি খুঁজছেন;” জানান তিনি।

কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে বেসরকারি খাতের গুরুত্বের ওপর জোর দেন আব্দুল মোমেন। আর, ব্যাংকিং খাত থেকে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ ঋণ গ্রহণের সম্ভাব্য প্রভাব তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, “বাজেট ঘাটতি মেটাতে সরকার এক লাখ ৩৭ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে, যা বেসরকারি বিনিয়োগকারীদের ঋণ থেকে বঞ্চিত করতে পারে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

রাজস্ব আদায়কে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ড. মোমেন। বলেন, ১৭ কোটি জনসংখ্যার মধ্যে মাত্র ৩০-৩২ লাখ মানুষ করদাতা, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় সর্বনিম্ন।

আরো অন্তর্ভুক্তিমূলক কর পরিধির প্রস্তাব করেন তিনি। বলেন, “জাতীয় পরিচয়পত্র ধারী সকল ব্যক্তিকে বার্ষিক আর্থিক বিবরণী জমা দিতে হবে। এই পদক্ষেপের ফলে করদাতার সংখ্যা এখনকার ৩০-৩২ লাখ থেকে দুই-তিন কোটিতে উন্নীত হতে পারে।”

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরো বলেন যে আমলাদের একটি অংশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন, যা মানুষের হয়রানি তীব্রতর করছে। “মুষ্টিমেয় দুর্নীতিবাজ আমলার কারণে, গোটা আমলাতন্ত্রকে দোষারোপ করা হয়;” যোগ করেন ড. মোমেন।

This item is part of
XS
SM
MD
LG