অ্যাকসেসিবিলিটি লিংক

বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে আগুন, ৩ জন নিখোঁজ

বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরণের পর তেলবাহী ট্রলারে আগুন। ২৬ জুন, ২০২৪।
বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরণের পর তেলবাহী ট্রলারে আগুন। ২৬ জুন, ২০২৪।

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার–সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরণের পর তেলবাহী ট্রলারে আগুন লেগে তিন শ্রমিক নিখোঁজ ও একজন আহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে মেঘনা ডিপো জেটির কাছে আগুনের সূত্রপাত হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ট্রলারে থাকা তেলবোঝাই সব ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিপদ আঁচ করতে পেরে ট্রলারে থাকা চারজন নদীতে ঝাঁপ দেন। এক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি তিনজন নিখোঁজ রয়েছেন।

তেলের ড্রামবোঝাই ট্রলারটি বরিশালের দিকে যাচ্ছিল বলে জানান মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফতুল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, ড্রামে ডিজেল ও পেট্রোল ছিল। তদন্তের পাশাপাশি নিখোঁজদের খোঁজ চলছে।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

This item is part of
XS
SM
MD
LG