অ্যাকসেসিবিলিটি লিংক

যৌন নিপীড়নের দায়ে ‘বুদ্ধ বালক’কে সাজা দিলো নেপালের আদালত

কাঠমন্ডুর দক্ষিণে নিজগড় শহরে বৌদ্ধ সন্ন্যাসী বেষ্টিত অবস্থায় রাম বাহাদুর বামজান (সাদা পোশাকে, মাঝে)। ১২ নভেম্বর, ২০০৮। ফাইল ছবি।
কাঠমন্ডুর দক্ষিণে নিজগড় শহরে বৌদ্ধ সন্ন্যাসী বেষ্টিত অবস্থায় রাম বাহাদুর বামজান (সাদা পোশাকে, মাঝে)। ১২ নভেম্বর, ২০০৮। ফাইল ছবি।

‘বুদ্ধ বালক’, যাকে অনেকে বুদ্ধের পুনর্জন্ম হয়েছে বলে মনে করেন, সোমবার নেপালের একটি আদালত তাকে এক অপ্রাপ্তবয়স্ক বালিকাকে যৌন নিপীড়নের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।

আদালতের কর্মকর্তা সিকিন্দর কাপার জানান, রাম বাহাদুর বামজানকে ভুক্তভোগীকে প্রায় ৩,৭০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বামজান ২০০৫ সালে কিশোর বয়সে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেন। সে সময় হাজার হাজার মানুষ তাকে ‘বুদ্ধ বালক’ বলে অভিহিত করেছিল। তিনি প্রায় ১০ মাস ধরে পানি, খাবার বা ঘুম ছাড়াই একটি বনে ধ্যানমগ্ন ছিলেন।

অনেকের বিশ্বাস, তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ গৌতমের পুনর্জন্ম। প্রায় ২,৬০০ বছর আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন।

বামজানকে জানুয়ারিতে কাঠমন্ডুর উপকণ্ঠে গ্রেপ্তার করা হয়েছিল। গত সপ্তাহে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার আইনজীবী দিলীপ কুমার ঝা জানান, বামজান এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এজন্য তিনি ৭০ দিন সময় পাবেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় নেপালি ব্যাংক নোটে ২ লাখ ২৭ হাজার ডলার এবং অন্যান্য মুদ্রায় ২৩ হাজার ডলার তার কাছ থেকে জব্দ করা হয়।

বামজান তার চার অনুসারীর নিখোঁজের ঘটনার সঙ্গেও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেই অভিযোগগুলো এখনো ঝুলে রয়েছে।

যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগের সাথে সাথে বামজানের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তবে তার শিবির অব্যাহত রয়েছে। সেখানে হাজার হাজার মানুষ উপাসনা বা বাস করার জন্য জড়ো হয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স, এপি এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG