পশ্চিমা বিশ্বের সামরিক জোট নেটো মঙ্গলবার সংগঠনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে তিন দিনের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে। এই সম্মেলন হচ্ছে এমন সময়ে, যখন রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি তাদের সহায়তা আরও জোরদার করা হচ্ছে।
নেটো মহাসচিব ইয়েন্স স্টল্টেনবারগ রবিবার গুটিকয়েক রিপোর্টারের সাথে প্রশ্নোত্তরের সময় বলেন, নেটো সদস্যরা শান্তি চায়, এবং সেটা অর্জন করা যাবে যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুঝতে পারেন তিনি রণাঙ্গনে জয়ী হবেন না।
“যুদ্ধ শেষ করার সব চেয়ে দ্রুত পথ হচ্ছে যুদ্ধে হেরে যাওয়া,” তিনি বলেন। “কিন্তু এর ফলে শান্তি আসবে না। আসবে দখলদারিত্ব।”
স্টল্টেনবারগ ব্যাখ্যা করে বলেন, নেটোর পদক্ষেপগুলোর মধ্যে থাকবে জার্মানিতে একটি বিশেষ সামরিক সদর দফতর স্থাপন, ইউক্রেনের জন্য আরও বেশি আর্থিক এবং সামরিক সাহায্য, এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি।
নেটোতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে জটিলতা এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জোটের ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে আলাপের সময় স্টল্টেনবারগ নেটোর উদ্যোগগুলোর উপর জোর দেন।
তিনি বলেন, সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় ইউক্রেনের নেটো সদস্য পদ নিয়ে কী বলা হবে, তার সুনির্দিষ্ট ভাষা নিয়ে এখনো আলোচনা চলছে।
গত এপ্রিল মাসে স্টল্টেনবারগ বলেছিলেন, এই শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে নেটো সদস্যপদ দেবার কথা ভাবা হচ্ছিল না। বরং, সদস্যপদ লাভের প্রতি একটি “সেতু’র” কথা ভাবা হচ্ছিল।
শীর্ষ সম্মেলনে মূলত পাঁচটি বিষয় নিয়ে হবে এই “সেতুঃ"
নিরাপত্তা সহায়তা কমান্ডঃ ইউক্রেনের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য সমন্বয় করার জন্য নেটো জার্মানিতে একটি নতুন সামরিক সদর দফতর স্থাপন করবে। তার সাথে পূর্ব ইউরোপে থাকবে কয়েকটি সরবরাহ কেন্দ্র। স্টল্টেনবারগ বলেন, এই কাজ করবে ৭০০-সদস্যের একটি দল, যার নেতৃত্বে থাকবে নেটোর এক তিন-তারকা জেনেরাল।
স্টল্টেনবারগ বলেন, “ইউক্রেনকে কী ধরনের অস্ত্র দেয়া উচিত বা কীভাবে দেয়া হবে,” তা নিয়ে মিত্র দেশগুলোর মধ্যে মতবিরোধ আছে। মত পার্থক্যের ফলে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হয়, বিলম্ব হয়, এবং লক্ষ্য হচ্ছে সরবরাহ আরও সহজ এবং দ্রুত করা।
“এই নতুন কমান্ডের বেশ শক্ত ম্যান্ডেট থাকবে। কাজেই, প্রতিটা অস্ত্র সরবরাহের জন্য সবার অনুমোদনের প্রয়োজন হবে না,” তিনি বলেন।
আর্থিক অঙ্গীকারঃ নেটো মিত্ররা ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ইউক্রেনকে প্রতি বছর ৪,৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ধারনা করা হচ্ছে, এই শীর্ষ সম্মেলন আরও এক বছরের জন্য সেটা বাড়ানো হবে, এবং ভবিষ্যৎ সহায়তার জন্য ক্ষেত্র তৈরি করা হবে।
অস্ত্র সরবরাহঃ ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে, এই সম্মেলনে আরও অস্ত্র ও গোলাবারুদ, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা আসবে বলে ধারনা করা হচ্ছে।
স্টল্টেনবারগ যদিও নির্দিষ্ট করে কিছু বলেননি, তবে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত দেন যে এই সপ্তাহে এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহের ব্যাপারে নেটো মিত্রদের কাছ থেকে ঘোষণা আসতে পারে।
দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিঃ শীর্ষ সম্মেলনের শুরুতে ২০টি নেটো মিত্রদেশ ইউক্রেনের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সই করে থাকবে। চুক্তিগুলো অতিরিক্ত নিরাপত্তা নিশ্চয়তা দেবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
ইন্টার-অপারেবিলিটিঃ নেটোর মানদণ্ডের সাথে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সমন্বয় অর্জন করার প্রচেষ্টা বর্তমানে চলছে, যার মধ্যে রয়েছে পোল্যান্ডে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র এবং সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং ক্রয় নিয়ে প্রোগ্রাম।
হাঙ্গেরি অংশ নেবে না
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে হাঙ্গেরির অবস্থান এবং নেটোর সিদ্ধান্ত আটকানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগের প্রশ্ন নিয়ে আলাপ করেন স্টল্টেনবারগ।
তিনি বুদাপেস্টে তার এক সাম্রপ্তিক সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাথে এক সমঝোতায় আসেন, যে ইউক্রেনের জন্য প্রস্তাবিত সাহায্য হাঙ্গেরি আটকাবে না।
বুদাপেস্ট ইউক্রেনের জন্য নেটোর নতুন নিরাপত্তা সহায়তা কমান্ডে অংশগ্রহণ করবে না। তবে স্টল্টেনবারগ জানান, হাঙ্গেরি নেটোর বাজেটে অর্থপ্রদান এবং সদস্য হিসেবে নেটোর অন্যান্য দায়িত্ব পালন করে যাবে।
স্টল্টেনবারগ মস্কোর সাথে নেটোর বহুমাত্রিক যোগাযোগের কথা উল্লেখ করেন, যে যোগাযোগ এমনকি পূর্ণ মাত্রা আগ্রাসন শুরু হবার পরও বজায় আছে।
তিনি যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভের মধ্যে সাম্প্রতিক আলাপের কথা উল্লেখ করে এ’ধরনের নিয়মিত যোগাযোগের গুরুত্বের উপর জোর দেন।
যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক
স্টল্টেনবারগ নিশ্চিত যে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, যুক্তরাষ্ট্র নেটোর একনিষ্ঠ সমর্থক থাকবে। তিনি বলেন যে, অতীতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা ব্যয় নিয়ে সমালোচনা করেছেন কিন্তু নেটোকে নিয়ে নয়।
তিনি নেটোকে একটি বড় পরিবারের সাথে তুলনা করে বলেন, সেখানে মাঝে মধ্যে মতৈক্যর সাথে মতবিরোধও থাকবে। যেকোন মহাসচিবকে জোটের সকল নেতার সাথে কাজ করতে হবে।
স্টল্টেনবারগ প্রেসিডেন্ট বারাক ওবামা, ট্রাম্প এবং জো বাইডেনের সাথে কাজ করার কথা স্মরণ করে বলেন, তাদের নেতৃত্বের ধরনে পার্থক্য থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র নেটোর দৃঢ় এবং অঙ্গীকারবদ্ধ মিত্র রয়ে গেছে।