অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে 'দেখামাত্র গুলি' নীতি ও 'বেআইনি হত্যাকাণ্ডে' উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন

ইইউ'র  হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস।
ইইউ'র হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস।

বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোতে কর্তৃপক্ষের পক্ষ থেকে 'দেখামাত্র গুলি'(শুট অন সাইট) নীতি এবং 'বেআইনি হত্যা’র নির্দেশনার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

শনিবার (২৭ জুলাই) লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের সাইডলাইনে, ইইউ'র হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল ফন্টেলেস বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে তাদের উদ্বেগের কথা জানান।

মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফন্টেলেস বলেন, এসব কর্মকাণ্ডের অবশ্যই যথাযথ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।

ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ আরো বলেছেন, “বিক্ষোভকারী এবং সাংবাদিক ও শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী শক্তি ব্যবহারের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই সম্পূর্ণ জবাবদিহি করতে হবে।”

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া হাজার হাজার মানুষকে যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করতে হবে। “আমরা এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপ নিবিড় ভাবে অনুসরণ করবো এবং ইইউ-বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো মাথায় রেখে সমস্ত মানবাধিকারকে পুরোপুরি সম্মান করা হবে বলে আশা করি;” যোগ করেন জোসেপ বোরেল ফন্টেলেস।

This item is part of
XS
SM
MD
LG