অ্যাকসেসিবিলিটি লিংক

গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে সম্পৃক্ততা আবারও অস্বীকার যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ–প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ–প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

হোয়াইট হাউসের পর পররাষ্ট্র দফতরও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান করেছে।

ওয়াশিংটনে স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অগাস্ট) নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দফতরের উপ–প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, “এটা হাস্যকর।”

তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক তাঁর কাছে প্রশ্ন করেন, ছাত্র–জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত থাকার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তাঁর মন্তব্য কী?

প্যাটেল আরও বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা অনেক অপপ্রচার দেখছি।”

তিনি বলেন, ডিজিটাল ইকোসিস্টেমজুড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তাদের অংশীদারদের সঙ্গে তথ্যের শুদ্ধতা নিশ্চিতে তারা সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে সোমবার (১২ অগাস্ট) হোয়াইট হাউজ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে দিয়ে বলেছে, এটি মিথ্যা।

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, “আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার জড়িত ছিল-এমন যেকোনো প্রতিবেদন বা গুজব কেবলই মিথ্যা। এটি সত্য নয়।”

তিনি বলেন, এটি বাংলাদেশের জনগণের নিজস্ব সিদ্ধান্ত এবং তারাই এই সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেস সেক্রেটারি বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থানও সেটিই।”

তিনি আরও বলেন, এ ধরনের যেকোনো অভিযোগ এলে নিশ্চিতভাবে আমরা বলব এটি একেবারেই সত্য নয়; যেমন আমি এখনো বলছি।

প্রেস সেক্রেটারি আরও বলেন, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন।

ভারতের সংবাদমাধ্যম 'দ্য প্রিন্ট' রবিবার (১১ আগস্ট) তার প্রতিবেদনে দাবী করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনার দেয়া একটি বার্তা তাদের হাতে এসেছে। সেই বার্তায় তিনি বলেছেন, "আমি যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম।"

পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ছেলে সজীব ওয়াজেদ দাবী ওয়াশিংটন সময় রবিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যম এক্স-এ জানান, সম্প্রতি তার মায়ের পদত্যাগের যে খবর বেরিয়েছে তা "সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।"

এক্স-পোস্টে বলা হয়, "সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছ থেকে নিশ্চিত হয়েছি যে তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্য দেননি।"

This item is part of
XS
SM
MD
LG