অ্যাকসেসিবিলিটি লিংক

পাপনের পদত্যাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, নতুন সভাপতি ফারুক আহমেদ

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বুধবার (২১ অগাস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। এরপর ফারুক আহমেদকে বোর্ডের নতুন সভাপতি করা হয়। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ক্রিকেটার এই প্রথম বোর্ড সভাপতি হলেন।

নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নিয়োগ নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন যুগের সমাপ্তি হলো।

৫ অগাস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, ২০১২ সালে সরকার–মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান পাপন। ২০১৩ সালের অক্টোবরে সভাপতি নির্বাচিত হন। তারপর থেকে তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন। এ বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল তাঁর মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ান তিনি।

এর আগে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। তিনি বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন। ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। এনএসসি থেকেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাঁকে।

এ ছাড়া, এনএসসি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংস্থাটি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। তাঁর জায়গায় নতুন পরিচালক হয়েছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীন নান্নু।

This item is part of
XS
SM
MD
LG