অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াহিদউদ্দিন মাহমুদ: শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না

কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ২৫ আগস্ট, ২০২৪।
কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ২৫ আগস্ট, ২০২৪।

শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্বরতদের পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রবিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সঙ্গত অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে।"

"জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে," তিনি বলেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দিয়ে, হামলা করে পদত্যাগের ঘটনার পটভূমিতে ড. মাহমুদের এই ঘোষণা আসলো।

উপদেষ্টা আরও বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই।

এভাবে পদত্যাগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে বলে জানান তিনি।

একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না।’

শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG