অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে

বিসিবির পরিচালক এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
বিসিবির পরিচালক এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী ইউএনবিকে খালেদ মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদ মাহমুদ ২০১৩ সালে ক্রিকেট বোর্ডের নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে পরিচালক হয়েছিলেন। ১১ বছর বোর্ডে দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি।

খালেদ মাহমুদ দীর্ঘদিন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন। তাঁর সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে যুবাদের দলটি। এ ছাড়া, পরিচালক থাকাকালে বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তী কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে ৪ সেপ্টেম্বর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এনএসসি মনোনীত পরিচালক জালাল ইউনুস এনএসসির অনুরোধে পদত্যাগ করেন। তাঁর পরিবর্তে বোর্ডে এনএসসি মনোনীত পরিচালক হন ফারুক আহমেদ। তিনি বর্তমানে বোর্ডের সভাপতি।

এ ছাড়া, এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দিয়েছে এনএসসি। তাঁর পরিবর্তে পরিচালক হয়েছেন নাজমূল আবেদীন।

তবে বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান এবং শফিউল আলম চৌধুরী (উইমেন্স উইংয়ের সাবেক প্রধান) এখনো বিসিবির পরিচালক পদে আছেন।

This item is part of
XS
SM
MD
LG