অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূস জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন

ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস। ১২ সেপ্টেম্বর, ২০২৪।
ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস। ১২ সেপ্টেম্বর, ২০২৪।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে সময় জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সংবর্ধনা পেয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে পাকিস্তানে তাদের সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।

ক্রিকেটারদের উদ্দেশে ড. ইউনূস বলেন, “আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।”

একটি জাতিকে একত্রিত রাখতে ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এসময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।

তিনি আরও জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও তিনি একই ধরনের ভূমিকা পালনে ইতালির আমন্ত্রণ পেয়েছেন।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের আমন্ত্রণ জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।

শান্ত বলেন, “প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।”

পাকিস্তান সফরের অর্জন খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল বলে জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনায় খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG