অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় মন্ত্রী অমিত শাহ'র "উল্টো করে ঝুলানো' বক্তব্যর প্রতিবাদ বাংলাদেশের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ফটোঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ফটোঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সফরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে ‘অত্যন্ত নিন্দনীয়’ যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার(২৩ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদলিপির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের “গুরুতর সংশয়, গভীর আঘাত ও চরম অসন্তোষের” কথা জানিয়েছে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকতে রাজনৈতিক নেতাদেরকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনাকে ক্ষুণ্ন করে।

অমিত শাহ কী বলেছিলেন?

ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, অমিত শাহ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝারখান্ড রাজ্যে এক নির্বাচনী সভায় হুমকি দেন যে, রাজ্যে বিজেপি সরকার গঠন করার পর “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের” উল্টো করে ঝুলিয়ে রাখা হবে।

“আমি আপনাদের সবাইকে আহ্বান করছি, ঝারখান্ডে বিজেপি সরকার গঠন করুন। এবং আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবো,” রাজ্যের সাহেবগঞ্জ জেলার সাঁওতাল পরগনায় এক জনসভায় শাহ’র বক্তব্য উদ্ধৃত করে কলকাতার দ্য টেলিগ্রাফ জানায়।

অমিত শাহ তাঁর বক্তব্যে বিজেপি নেতাদের পুরনো কথার পুনরাবৃত্তি করে বলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী সংখ্যা কচে এবং “বাংলাদেশি অনুপ্রবেশকারীদের” সংখ্যা বাড়ছে।

“এই ভূখণ্ড আদিবাসীদের কিন্তু অনুপ্রবেশকারীদের সংখ্যা এখানে বাড়ছে,” তিনি বলেন।

শাহ “বাংলাদেশ থেকে অনুপ্রবেশ” তদন্ত করার লক্ষ্যে কমিটি গঠন করার জন্য নির্দেশ দেয়ায় ঝারকান্ড হাই কোর্টকে ধন্যবাদ জানান।

“ঝারকান্ড সরকারকে এই বিষয় তদন্ত করতে সাহায্য করার জন্য কেন্দ্র থেকে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে,” তিনি বলেন।

(এই রিপোর্টের জন্য ইউএনবি থেকে তথ্য নেয়া হয়েছে)

This item is part of
XS
SM
MD
LG