অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে মুসলিম গোষ্ঠীগুলির অভিযোগ, মধ্যপ্রাচ্য নিয়ে হ্যারিসের কর্মকাণ্ড থেকে তাদের বাদ দেওয়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেনের মিশিগান সফরকালে ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ মিছিল। ফাইল ফটোঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪।
প্রেসিডেন্ট জো বাইডেনের মিশিগান সফরকালে ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভ মিছিল। ফাইল ফটোঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪।

যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরব-আমেরিকানদের প্রধান সংগঠন ও ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলি বলছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের প্রচেষ্টার বিষয়ে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের দফতরের কর্মকাণ্ড থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস বুধবার বলেছে, হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন গাজায় যুদ্ধ বন্ধ করতে প্রশাসনের প্রচেষ্টার বিষয়ে “যুক্তরাষ্ট্রের মুসলিম, আরব ও ফিলিস্তিনি আমেরিকান সম্প্রদায়ের নেতাদের” সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, গর্ডন “লেবাননে বেসামরিক নাগরিকদের বিষয়ে এবং পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে খর্ব করছে ইসরায়েলের এমন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।”

হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে প্রশাসনের লাগাতার সমর্থন নিয়ে আরব, ফিলিস্তিনি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা প্রশমিত করতেই এই বৈঠক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের জীবন কেড়ে নিয়েছে এবং গাজায় এক চলমান মানবিক সংকট তৈরি করেছে।

তবে, এই বৈঠকে কাউন্সিল অফ আমেরিকান-ইসলামিক রিলেশনস ও মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলসহ এই সম্প্রদায়ের প্রধান গোষ্ঠীগুলিকে আমন্ত্রণ জানানো হয়নি। আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট ও অ্যাবান্ডন হ্যারিস নামের দুটি ফিলিস্তিনপন্থী সক্রিয় কর্মীদের গোষ্ঠীকেও ডাকা হয়নি। এই গোষ্ঠীগুলি গাজা নিয়ে প্রশাসনের নীতিতে বদল আনার বিষয়ে চাপ সৃষ্টি করছে।

মেকস্পেস, দার আল হিজরাহ ইসলামিক সেন্টার, মুস্তাফা সেন্টার ও দ্বীনিয়াত সেন্টার অফ আমেরিকা-সহ ওয়াশিংটন এলাকার প্রধান গোষ্ঠীগুলির নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়নি।

আরব আমেরিকান ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জেমস জগবি গর্ডনের সঙ্গে আটজনের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেছেন, এই বৈঠক “বিরক্তিকর” কারণ এতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি।

জগবি ভিওএ-কে বলেন, “আমাদের আরব আমেরিকান বৈঠকের কথা বলা হয়েছিল। আমাদের মুসলিমদের নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। এগুলির কোনওটাই হয়নি। কোনও ফিলিস্তিনি নেতা ছিলেন না। কয়েকজন ফিলিস্তিনি আমেরিকান ছিলেন, তবে ফিলিস্তিনি আমেরিকানদের প্রতিনিধিত্বকারী কোনও সংগঠন ছিল না।”

লেবানন বিষয়ক আমেরিকান টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট এডওয়ার্ড গ্যাব্রিয়েল বলেন, ভাইস প্রেসিডেন্টের দফতর তাকে “প্রায় এক ডজন” বৈঠকে যুক্ত করেছে যার মধ্যে ছিল চলতি সপ্তাহে গর্ডনের সঙ্গে একটি বৈঠকও।

ভিওএ এই বিষয়ে প্রশ্ন করলেও হোয়াইট হাউস ও ভাইস প্রেসিডেন্টের দফতর কোনও জবাব দেয়নি। তবে, প্রচার বিভাগের এক মুখপাত্র বলেছেন, “প্রতিটি ভোট অর্জন করতে, আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে এবং সকল আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার জন্য কাজ করতে হ্যারিস অঙ্গীকারবদ্ধ।”

This item is part of
XS
SM
MD
LG